সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে ----- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকায় সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনের দ্বিতীয় তলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নিরাপত্তা, অধিকার, নৈতিকতা ও গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব তালুকদার রুমি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ওমর জালাল, অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতুর সম্পাদক ও ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব মোঃ আবু তোহা, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা জরুরি। সাংবাদিকতা যেন নির্দিষ্ট নীতিমালা ও পেশাগত মানদণ্ডের মধ্যে পরিচালিত হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন এমপি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করে মানুষের কথা তুলে ধরছেন। তবে সাংবাদিকতার মান সমুন্নত রাখতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা, তথ্যের যথার্থতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন , সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সাংবাদিকদেরও পেশাগত আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকতার নামে অপতথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কিংবা ব্যক্তিস্বার্থে সংবাদ পরিবেশনের প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব ও অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা বলেন এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সময় মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের মাঝে এবং অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা সহায়তা করার জন্য নগদ অর্থের চেক প্রদান করা হয়।

.jpg)



